ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায় তৈরি এই গানের ভিডিওটি ঈদে প্রকাশ পাবে এসএম স্টুডিও ২০২০ ইউটিউব চ্যানেলে।
গানটির কথা ও সুর করেছেন সুদেব মজুমদার। সঙ্গীত আয়োজন করেছেন টিএস আলী মোস্তফা। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নাজিয়া রহমান। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আকাশ ও মাহিকে। আর ভিডিওটির নৃত্য পরিচালনায় ছিলেন কোরিওগ্রাফার নাঈম।
গানটি প্রসঙ্গে নাজিয়া রহমান বলেন, ঈদের সময় নতুন গান নিয়ে শ্রোতাদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। এখন দর্শকরা গানের পাশাপাশি সুন্দর ও গল্পভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন। তাই দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই ‘পাগলা ভ্রমরা’ গানটি উপহার দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার আশা, ঈদের আনন্দে গানটি সবার ভালো লাগবে।
নির্মাতা সোহেল খান জানান, ছোটবেলা থেকেই ঈদ মানেই ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরা সময়। সেই স্মৃতিগুলোকে মনে রেখেই ‘পাগলা ভ্রমরা’ গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গানটি যদি দর্শকদের ভালো লাগে, তবে পুরো দলের পরিশ্রম সার্থক হবে। এই ঈদে আমার পরিচালিত ৩২টা গানের মিউজিক ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রকাশ পাবে।
ঈদের আনন্দঘন পরিবেশকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক ভিডিওটি দর্শকদের জন্য নতুন এক বিনোদনের মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।