সিরাজগঞ্জের শাহজাদপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাধারণত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। তবে এ বছর ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ–এর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখা।
সংগঠনটির নেতাকর্মীরা ফুল বা ব্যানার প্রদর্শনের পরিবর্তে নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তামান্নার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
সংগঠনের আহ্বায়ক মো. আবু সাঈদ ও সদস্য সচিব মো. হাসান তামান্নার সহপাঠীদের কাছে সংগৃহীত অর্থ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এ উদ্যোগকে মানবিক ও অনুকরণীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং মানুষের অধিকার, সহমর্মিতা ও মানবিকতার পক্ষে দাঁড়ানোই একুশের প্রকৃত তাৎপর্য। অসুস্থ সহপাঠীর পাশে দাঁড়িয়ে তারা সেই চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন।
এ উদ্যোগ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই একে একুশের চেতনায় মানবিক সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন।