Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / ২৪ ঘণ্টা পর উদ্ধার হওয়া বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর - Chief TV

২৪ ঘণ্টা পর উদ্ধার হওয়া বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর - Chief TV

2026-06-11  ডেস্ক রিপোর্ট  35 views
২৪ ঘণ্টা পর উদ্ধার হওয়া বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর - Chief TV
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধকে অবশেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে বকশীগঞ্জ থানা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ উদ্যোগে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

নিখোঁজ প্রবীণ ষষ্ঠী চন্দ্র বর্মনকে (৬৮) তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন এবং উদ্ধার হওয়া বৃদ্ধের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে আজ বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখা থেকে বিজিবি ওই বৃদ্ধকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। হস্তান্তর অনুষ্ঠানে ষষ্ঠী চন্দ্র বর্মনের ছোট ভাই ভবানী বর্মন জানান, প্রায় ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রাম থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান ষষ্ঠী বর্মন।
 
এরপর দেশের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের কল্যাণে তার সন্ধান পেয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

উল্লেখ্য, গত বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক পুশ ইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয় এলাকাবাসীর তীব্র বাধার মুখে বিএসএফের সেই অবৈধ চেষ্টা ব্যর্থ হয়।
 
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে দিনভর টানটান ও চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে দীর্ঘ সময় শূন্যরেখায় মানবেতর অবস্থায় আটকে থাকার পর আজ বিজিবি তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করে এবং আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সীমান্তজুড়ে সৃষ্টি হওয়া উত্তেজনার এক মানবিক অবসান ঘটল।

Share: