Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / আইন পাস করে বোরকা নিষিদ্ধ

আইন পাস করে বোরকা নিষিদ্ধ

2025-10-18  ডেস্ক রিপোর্ট  207 views
আইন পাস করে বোরকা নিষিদ্ধ

জনসমাগমপূর্ণ স্থানে বোরকা পরা নিষিদ্ধ করে আইন পাস করেছে পর্তুগালের পার্লামেন্ট অ্যাসেম্বলিয়া ডা রিপাবলিকা। শুক্রবার পার্লামেন্ট সদস্যদের ভোটে পাস হয় বহুল আলোচিত এই আইনটি।

নতুন আইনে বলা হয়েছে, এখন থেকে দেশের কোনো জনসমাগমপূর্ণ স্থানে এমন পোশাক বা বস্ত্রখণ্ড পরা যাবে না—যা মুখাবয়ব বা মুখমণ্ডল ঢেকে রাখে। আইন অমান্যকারীদের ২০০ ইউরো (প্রায় ২৮ হাজার ৪৭৬ টাকা) থেকে ৪ হাজার ইউরো (প্রায় ৫ লাখ ৬৯ হাজার ৫২০ টাকা) পর্যন্ত জরিমানা গুনতে হবে।

এই বিলটি সংসদে উপস্থাপন করেছিল পর্তুগালের কট্টর ডানপন্থি চেগা পার্টি। প্রস্তাবটি নিয়ে কয়েক দিন ধরে পার্লামেন্টে তর্ক-বিতর্ক চলে। বিতর্কের সময় চেগা পার্টির এমপিরা বলেন, পর্তুগালের অধিকাংশ নারী স্বেচ্ছায় নয়, বরং পারিবারিক ও ধর্মীয় চাপে বোরকা পরতে বাধ্য হন—যা একধরনের সামাজিক পীড়ন।

তাদের যুক্তি, পর্তুগালের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতিতে মুখমণ্ডল উন্মুক্ত রাখাকে সম্মান করা হয়। তাই যেসব অভিবাসী ইতোমধ্যে নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিকত্বের অপেক্ষায় আছেন, তাদের এই সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।

অন্যদিকে বিরোধী সদস্যরা অভিযোগ করেন, নতুন এই আইনটি বৈষম্যমূলক এবং দেশের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। তাদের মতে, এই আইনের ফলে দেশে বসবাসরত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় চাপের মুখে পড়বে।

দীর্ঘ বিতর্কের পর অবশেষে শুক্রবার ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থন পেয়ে বিলটি আইনে পরিণত হয়।

উল্লেখ্য, পর্তুগাল ইউরোপের প্রথম দেশ নয় যারা আইন করে বোরকা নিষিদ্ধ করল। এর আগে বেলজিয়াম (২০১০), ফ্রান্স (২০১৬), নেদারল্যান্ডস (২০১২), বুলগেরিয়া (২০১৬), অস্ট্রিয়া (২০১৭) এবং সর্বশেষ সুইজারল্যান্ড (২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর) এ ধরনের আইন পাস করেছে।


Share: