বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন।
২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় ওসমান মোল্লার ছেলে ও তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫)কে হত্যা করা হয়। প্রায় আট বছর পর আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা হলো।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮), আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) এবং কামরুজ্জামানের ছেলে মিশু (২৬)। তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং বিশু আকন্দের ছেলে আশিক (২৮)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পিন্টু ওরফে মাজেদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে, বাকিরা পলাতক রয়েছেন।
অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক আসামি ও খালাসপ্রাপ্তরা হলেন— দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬) এবং মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০)।
এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯) আদালত থেকে খালাস পেয়েছেন।