Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়ায় যুবদল নেতার ওপর ককটেল হামলা: জাহাঙ্গীর গ্রেপ্তার - Chief TV

বগুড়ায় যুবদল নেতার ওপর ককটেল হামলা: জাহাঙ্গীর গ্রেপ্তার - Chief TV

2026-06-06  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  29 views
বগুড়ায় যুবদল নেতার ওপর ককটেল হামলা: জাহাঙ্গীর গ্রেপ্তার - Chief TV
বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মশাল মিছিল থেকে এক যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. জাহাঙ্গীর আলম (৪২) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে ধুনট শহরের সদরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
শনিবার (৬ জুন) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে বগুড়া জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ধুনট উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ধুনট সদরপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মশাল মিছিল বের করে।
 
ওই সময় ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ ও তাঁর লোকজন মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে মিছিলকারীরা তাঁদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।

এই ঘটনার দুদিন পর, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি যুবদল নেতা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯৬ জন নামীয় নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করে একটি মামলা দায়ের করেন।
 
পুলিশ জানায়, ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তদন্তে নাম আসায় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই মামলার অন্যান্য এজাহারনামীয় ও জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Share: