Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত - chief tv

ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  41 views
ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত - chief tv
ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া জান্নাত (১৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
আজ রবিবার (২৮ জুন) আনুমানিক ভোর ৬টা ৩০ মিনিটে ধনবাড়ী পৌরসভার পুরাতন থানা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া পৌর এলাকার নিজবর্নী (বকলবাড়ী) গ্রামের মো. সাইদ বকলের মেয়ে এবং ধনবাড়ী শাহীন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, সকালে সাদিয়া বাড়ি থেকে ধনবাড়ী শহরে শাহীন স্কুলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে মহাসড়কের বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-১৫৪৬) তাকে সজোরে চাপা দিয়ে উল্টে যায়।
 
এতে পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পুরাতন থানা ভবন থেকে শুরু করে মহাসড়কের দুপাশের জায়গা অবৈধভাবে দখল করে বালু, কাঠ, ফার্নিচার, চায়ের দোকান ও সরকারি খাদ্যগুদামের সামনে বিভিন্ন অবৈধ স্থাপনা বসানো হয়েছে।
 
এর ফলে রাস্তার প্রশস্ততা কমে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। উপজেলা ও পৌর প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও মহাসড়ক স্থায়ীভাবে কেন দখলমুক্ত হচ্ছে না, তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন উঠেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ধনবাড়ী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দিল আফরোজ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাঁরা নিহত সাদিয়ার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মহাসড়ক দখলমুক্ত করার বিষয়ে ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক ও এসি ল্যান্ড দিল আফরোজ জানান, মহাসড়কের দুপাশের অবৈধ জায়গা উদ্ধার করতে প্রশাসন বার বার কাজ করছে। ইতিমধ্যে মাইকিং করে আগামী ১ জুলাইয়ের মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
 
নির্দিষ্ট সময়ের মধ্যে এসব স্থাপনা সরিয়ে না নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে ধনবাড়ী থানা ভবন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত পুরো ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।

Share: