চলো যাই যুদ্ধে—মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে একটি ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে সামাজিক সংগঠন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন।
যুবসমাজের কাছে ফুটবলের তুমুল জনপ্রিয়তাকে দারুণভাবে কাজে লাগিয়ে এই কর্মসূচির নকশা করা হয়। যেখানে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
রোববার সকালে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে আসা বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমীদের নিয়ে এই আয়োজন করা হয়। খেলা শুরুর আগেই উপস্থিত সবাই মিলে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং সমস্বরে মাদককে ‘না’ বলে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন।
রোববার সকালে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে আসা বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমীদের নিয়ে এই আয়োজন করা হয়। খেলা শুরুর আগেই উপস্থিত সবাই মিলে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং সমস্বরে মাদককে ‘না’ বলে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার।তিনি তাঁর বক্তব্যে বলেন, ফুটবল মাঠে নিয়মভঙ্গকারীকে যেভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়, ঠিক তেমনি সমাজ থেকে মাদক নির্মূলেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদককে লাল কার্ড দেখাতে হবে।
খেলাধুলা তরুণদের মাঝে শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে তোলে উল্লেখ করে তিনি জানান, পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার জানান, মাদক একটি জাতিকে ভেতর থেকে মেধাশূন্য ও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শুধু আইন প্রয়োগ করে একে থামানো সম্ভব নয়, এর জন্য প্রয়োজন তীব্র সামাজিক সচেতনতা।
এই লক্ষ্যেই তাঁদের সংগঠন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক সেমিনার করে আসছে। ফুটবলপ্রেমীদের এই আবেগকে সম্পৃক্ত করে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, সামাজিক সংগঠনের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়, যেখানে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিস্তার রোধে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।