Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / দিনাজপুর / দিনাজপুরে ব্যবসায়ীর পায়ের রগ কেটে হত্যা, জিজ্ঞাসাবাদে সাবেক স্ত্রী - Chief TV

দিনাজপুরে ব্যবসায়ীর পায়ের রগ কেটে হত্যা, জিজ্ঞাসাবাদে সাবেক স্ত্রী - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  30 views
দিনাজপুরে ব্যবসায়ীর পায়ের রগ কেটে হত্যা, জিজ্ঞাসাবাদে সাবেক স্ত্রী - Chief TV

দিনাজপুরের বোচাগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ী পায়ের রগ কাটা অবস্থায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার সাবেক স্ত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচিত টিকটকার শিল্পী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়। তিনি সেতাবগঞ্জ পৌর এলাকার মৃত ডা. নিয়াজ উদ্দিনের ছেলে এবং ডিএন অটো-রাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বোচাগঞ্জে নিজ বাড়িতে হামলার শিকার হন মোস্তাফিজুর রহমান। একা বসবাসকারী এই ব্যবসায়ীর সঙ্গে তার সাবেক স্ত্রী শিল্পী আক্তারের বিবাহবিচ্ছেদ হলেও মাঝে মধ্যেই তিনি সাবেক স্বামীর সঙ্গে দেখা করতে ওই বাড়িতে যেতেন বলে জানা গেছে।

হামলার ঘটনায় তার পায়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।

কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ঘটনার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের সাবেক স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও সম্পর্কের অবনতির তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে নিশ্চিত মন্তব্য করা যাচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত অবস্থায় মোস্তাফিজুর রহমানের সঙ্গে জিয়া হার্ট ফাউন্ডেশনেই অবস্থান করছিলেন তার সাবেক স্ত্রী শিল্পী আক্তার। পরবর্তীতে জেলা পুলিশের নির্দেশনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং কোতোয়ালি থানায় রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বোচাগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে চাঞ্চল্যকর এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।


Share: