ময়মনসিংহের গৌরীপুর রেল জংশনের ইনার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হওয়া তিনটি কোচ রেখেই চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটির বাকি ১১টি কোচ নিয়ে যাত্রা পুনরায় শুরু করা হয়।
গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্ষতিগ্রস্ত তিনটি কোচ ঘটনাস্থলেই রেখে দেওয়া হয়। পরে ওই কোচগুলোর যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের বিকল্প বগিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তাদের টিকিটের অর্থ ফেরতের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে কোনো যাত্রী টিকিটের টাকা ফেরত নেননি।
এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার সময় ইনার সিগন্যালের পাশে এর পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
রেলওয়ের প্রাথমিক ধারণা, নির্ধারিত সময় শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে রেললাইন পরিবর্তন হয়ে যাওয়ায় ট্রেনটির শেষের তিনটি কোচ অন্য লাইনে চলে যায় এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত কোচগুলোর মধ্যে রয়েছে পরিচালক কাম খাবার গাড়ি এবং ‘ট’ ও ‘ঠ’ নম্বর বগি।
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা গৌরীপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি আংশিক স্বাভাবিক করা হয়।