সম্প্রতি বিএনপির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা ড. ফয়জুল হককে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে জামায়াতের মনোনয়নিত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
বুধবার (২৬ নভেম্বর ) দুপুরে একটি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।
জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘ড. ফয়জুল হক ইতিপূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। জামায়াতের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি জনপ্রিয় এবং সৎ ও দক্ষ মানুষ। সবদিক বিবেচনা করে ড. ফয়জুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তবে ৮ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ের কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে।’
গত ১৬ বছর যাবৎ তিনি সোচ্চার ছিলেন অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে। অনলাইনে টকশো, লাইভ ও লেখালেখির মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। জুলাই বিপ্লব-এর পক্ষে প্রবাসে থেকেও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এর গত ১২ জুলাই বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন।
এ বিষয়ে ড.ফয়জুল হক বলেন, ‘জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকের মনোনয়ন পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার নেতৃত্বে জামায়াত ইসলামের নেতৃত্বে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এদেশে জামায়াত ইসলামের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সংগঠনের নেতৃত্বে সবাই মিলে সরকার গঠিত হবে। সেই সরকারের পার্ট হতে পেরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।’
তিনি আরও বলেন, ‘ঝালকাঠি-১ আসনের জনগণ বসে আছেন সত্যের পক্ষে, দেশপ্রেমিক জনতার পক্ষে রায় দেওয়ার জন্য। এ অঞ্চলের সকল দল মতের মানুষরা সিদ্ধান্ত নিয়েছেন এবারের ভোট দাঁড়িপাল্লায় হবে।’
আমিরে জামায়াত সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানকে যিনি আমাকে কঠিন সময়ে মানসিক শক্ত অর্জনে সর্বদা সাহস দিয়েছেন। ফ্যাসিবাদ পতনের পর তিনি তার দল থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।’
এসময় উপস্থিত ছিলেন- মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর মো. সিদ্দিক, পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, রাজাপুর উপজেলা আমির মাওলানা কবির হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক।