নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রংপুর বিভাগীয় সভাপতি নুরুল হুদা, কিশোরগঞ্জ উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদলসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন,
“আমীরে জামায়াত স্পষ্ট বলেছেন—আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আমি নির্বাচিত হলে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় সমানভাবে উন্নয়ন করব। অবহেলিত জনপদ হিসেবে কিশোরগঞ্জকে বিশেষ গুরুত্ব দিয়েই এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জকে সহজভাবে সংযুক্ত করতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজার থেকে নিতাই ইউনিয়ন পর্যন্ত মূল সড়কটি প্রশস্ত ও টেকসইভাবে উন্নয়ন করা হবে। পাশাপাশি সব সড়ক পাকাকরণের আওতায় আনা হবে, যাতে কৃষিপণ্য দ্রুত সৈয়দপুরে পৌঁছানো সম্ভব হয়।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ন্যূনতম দুইজন এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে। কিশোরগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিয়োগে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতালে এমআরআই সুবিধা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন এমপি প্রার্থী। পরে তিনি নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে নির্বাচনী জনসভাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ জানান, সোমবারের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। এছাড়াও নীলফামারী জেলা আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।