Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩১ লাখ টাকার বৃত্তি পাচ্ছে ৪০২ শিক্ষার্থী - chief tv

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩১ লাখ টাকার বৃত্তি পাচ্ছে ৪০২ শিক্ষার্থী - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  32 views
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩১ লাখ টাকার বৃত্তি পাচ্ছে ৪০২ শিক্ষার্থী - chief tv
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
 
এর আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০২ জন শিক্ষার্থী এই আর্থিক সহায়তা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, তিনটি ভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হচ্ছে: মেধাবৃত্তি: ২০৮ জন শিক্ষার্থী পাচ্ছেন মোট ১৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড: ১৮২ জন শিক্ষার্থী পাচ্ছেন মোট ১৩ লাখ ৬৫ হাজার টাকা। স্পোর্টস স্কলারশিপ: ১২ জন অ্যাথলেট শিক্ষার্থী পাচ্ছেন মোট ১ লাখ ২ হাজার টাকা।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মেধাবৃত্তির ক্ষেত্রে ব্যবস্থাপনা শিক্ষা ও মার্কেটিং বিভাগে সর্বোচ্চ ১৪ জন করে শিক্ষার্থী মনোনীত হয়েছেন। এছাড়া ইংরেজি, আইন ও ফিন্যান্স বিভাগে ১৩ জন করে এবং অন্যান্য বিভাগে পর্যায়ক্রমে শিক্ষার্থীরা এই বৃত্তি পেয়েছেন। অন্যদিকে, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডের আওতায় বেশির ভাগ বিভাগ থেকে ১০ জন করে শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

মেধাবৃত্তির নিয়মানুযায়ী, নিজ নিজ বিভাগে প্রথম স্থান অধিকারীরা জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীরা ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীরা ৭ হাজার ৫০০ টাকা করে পাবেন। এছাড়া অসচ্ছল মেধাবী স্টাইপেন্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৭ হাজার ৫০০ টাকা এবং স্পোর্টস স্কলারশিপপ্রাপ্ত প্রত্যেকে ৮ হাজার ৫০০ টাকা করে এককালীন আর্থিক সহায়তা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করীম চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনটি ক্যাটাগরিতে এই বৃত্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে প্রতি অর্থবছরেই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

Share: