সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসমাপ্ত দায়িত্ব ও আদর্শ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন তার জ্যেষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের সেবায় তার মায়ের আজীবন সংগ্রাম ও ত্যাগের উত্তরাধিকার বহন করাকে তিনি গভীর দায়িত্ব হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তারেক রহমান লেখেন, তার মা সারাজীবন নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেখানে তার মায়ের পথচলা থেমে গেছে, সেখান থেকেই সেই মানবিক যাত্রা এগিয়ে নেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি উল্লেখ করেন, যেসব মানুষের ভালোবাসা ও বিশ্বাস বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শক্তি ও প্রেরণা জুগিয়েছে, তাদের কল্যাণই তার অঙ্গীকারের কেন্দ্রবিন্দু।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তারেক রহমান তার পোস্টে লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি তার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের শূন্যতা ভাষায় প্রকাশ করা কঠিন হলেও এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী, শুভানুধ্যায়ী, স্বজন এবং সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মান তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আবারও প্রমাণ করেছে—বেগম খালেদা জিয়া শুধু একটি পরিবারের সদস্য ছিলেন না, বহু মানুষের কাছে তিনি ছিলেন মাতৃসম এক আশ্রয়।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সরাসরি উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ ও প্রতিষ্ঠান সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এই আন্তর্জাতিক সহমর্মতা বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শোকবার্তায় তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার কাছে মনে হচ্ছে—নিকটজন হারানোর বেদনার মাঝেও পুরো বাংলাদেশ যেন তার পরিবারে পরিণত হয়েছে।
সবশেষে তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করেন এবং তিনি যে ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা থেকেই যেন দেশবাসী শক্তি, ঐক্য ও দেশপ্রেমের অনুপ্রেরণা লাভ করে।