Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার - chief tv

মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  29 views
মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার - chief tv
জামালপুরের মেলান্দহ উপজেলায় মাত্র আট মাস বয়সী ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরের পানিতে ফেলে পালিয়ে যাওয়ার সময় শ্রাবন্তী আক্তার নামে এক পাষণ্ড মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার ভাবকি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। মেলান্দহ থানা পুলিশ পুরো বিষয়টি নিশ্চিত করেছে।
 
নিহত শিশুটির নাম শাওন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর ছেলে হুমায়ূন আহমেদের সঙ্গে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শ্রাবন্তীর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ ওঠে এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরে তীব্র দাম্পত্য কলহ চলছিল।
 
এরই জেরে আজ রোববার ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী তার আট মাসের শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে বের হন এবং বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ভোরে গৃহবধূ শ্রাবন্তীকে স্থানীয় বাজারে একা ঘুরাঘুরি করতে দেখে নৈশপ্রহরীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তাঁর আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় তাকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। কিন্তু তিনি বাড়ি না ফিরে তড়িঘড়ি করে একটি অটোরিকশা ভাড়া করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে রেখে বাড়িতে নিয়ে আসে।
 
এর কিছুক্ষণ পরই বাড়ির পাশের পুকুরে শিশু শাওনের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা শ্রাবন্তীকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে হেফাজতে নেয়।

সন্তানহারা পিতা হুমায়ুন আহমেদ ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়ে বলেন, বিয়ের পর থেকেই শ্রাবন্তী অন্য একটি ছেলের সঙ্গে পরকীয়া করছিল। এই নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো এবং সে বিভিন্ন অজুহাতে বাড়ি থেকে পালিয়ে যেত।
 
তিনি ঘুমিয়ে থাকার সুযোগে নিজের সন্তানকে এভাবে হত্যা করে সে পালাচ্ছিল। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে অভিযুক্ত মাকে আটক করে থানায় আনা হয়েছে এবং শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share: