Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু - Chief TV

নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু - Chief TV

2026-06-11  ডেস্ক রিপোর্ট  35 views
নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু - Chief TV
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আব্দুর রহমান নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
 
নিহত শিশু আব্দুর রহমান একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দুলপাড়া গ্রামের মোহাম্মদ আল আমিনের একমাত্র ছেলে। মাত্র কয়েকদিন আগেই মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে। শিশুটির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে আব্দুর রহমানকে বাড়ির উঠানে একা খেলতে দেখে তার মা শিউলি বেগম ঘরের ভেতরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর কাজ শেষে বাইরে এসে ছেলেকে আর দেখতে না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
 
আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে তন্নতন্ন করে খুঁজেও যখন শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন পরিবারের সদস্যদের সন্দেহ হয় বাড়ির সামনের গভীর ডোবাটির ওপর। পরে সেখানে তল্লাশি শুরু করলে একপর্যায়ে পানির নিচে শিশুটির নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি না ফেরার দেশে চলে গেছে।

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা শিউলি বেগম বিলাপ করতে করতে বলেন, চোখের পলকে ছেলেটি নিখোঁজ হয়ে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি। অন্যদিকে শিশুটির বাবা মোহাম্মদ আল আমিন শোকে পাথর হয়ে গেছেন।
 
তিনি জানান, আজ সকালেই স্ত্রী ও সন্তানকে নানাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে নেওয়ার কথা ছিল। তাদের আনতে যাওয়ার পথেই ছেলের দুর্ঘটনার খবর পান তিনি। একমাত্র সন্তানকে হারিয়ে এখন দিশেহারা এই বাবা-মা। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

Share: