পটুয়াখালী–২ (বাউফল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেছেন, নির্বাচিত হলে তিনি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবেন।
বুধবার বিকেল ৪টায় কনকদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল আলম তালুকদার বলেন, “আপনারা আমার পাশে আছেন, আমিও আপনাদের পাশে থাকবো।”
সমাবেশে কনকদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম সভাপতিত্ব করেন। এতে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, সালমা আলম লিলি, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ তসলিম তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বাউফলের উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্যও উৎসাহিত করেন।