ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে বিশ্বকাপ শেষে অবসর নেবেন—এমন আলোচনা ঘিরে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি তার বোন কাতিয়া আভেইরো দাবি করেন, এই বিশ্বকাপই হতে পারে পর্তুগিজ তারকার জাতীয় দলের শেষ অধ্যায়। তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন রোনালদো নিজেই।
ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোয় ২-১ গোলের জয় পাওয়ার পর অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোনালদো জানান, এ মুহূর্তে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, পরিবারসহ আলোচনা করে সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মানুষ তিনি নন।
তিনি আরও বলেন, এখন তার পুরো মনোযোগ বিশ্রাম নেওয়া এবং পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন পর্তুগিজ মহাতারকা।
এর আগে কাতিয়া আভেইরো বলেন, তার কাছে থাকা তথ্য অনুযায়ী জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার দিকেই এগোচ্ছে রোনালদোর ক্যারিয়ার। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত কবে আসে, তা নিয়েই এখন ফুটবল বিশ্বে চলছে জল্পনা।