Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / অভিনেত্রী সুভাষিনীর মরদেহ উদ্ধার - Chief TV

অভিনেত্রী সুভাষিনীর মরদেহ উদ্ধার - Chief TV

2026-04-07  বিনোদন ডেস্ক  174 views
অভিনেত্রী সুভাষিনীর মরদেহ উদ্ধার - Chief TV

আবারও শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তামিল টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী আর নেই। সোমবার (৬ এপ্রিল) ভারতের চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন এই অভিনেত্রী। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন সুভাষিনী। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে একাই বসবাস করতেন তিনি। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

জানা গেছে, আগামী ১২ এপ্রিল ছিল সুভাষিনীর জন্মদিন। এছাড়া ২১ এপ্রিল ছিল তার দ্বিতীয় বিবাহবার্ষিকী। জীবনের এই দুটি বিশেষ দিনের আগেই তার এমন মর্মান্তিক মৃত্যু শোকাহত করেছে ভক্ত ও সহকর্মীদের।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার চার লাখের বেশি অনুসারী রয়েছে। সেখানে ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।

প্রসঙ্গত, সান টিভির জনপ্রিয় শো ‘কয়াল’ এর মাধ্যমে তামিল টেলিভিশন অঙ্গনে পরিচিতি পান সুভাষিনী। অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। অনেকেই তাকে তামিল ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখতেন।

তবে অল্প বয়সে তার এমন আকস্মিক মৃত্যু তামিল শোবিজে গভীর শোকের সৃষ্টি করেছে।


Share: