চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম মাস্টারমাইন্ড মো. আইয়ুবকে (৪৫) রাঙামাটির বাঘাইছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। আজ রোববার ভোররাতে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়িতে আইয়ুবের অবস্থান নিশ্চিত করে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাসুদুল হক চৌধুরী হত্যার ঘটনায় গত ১৫ জুন নিহতের বড় ভাই বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করেন। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ছিলেন। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আসামিকে গ্রেফতার করে ইতোমধ্যে চট্টগ্রাম নিয়ে গেছে র্যাবের টিম।