শেরপুরের শ্রীবরদী উপজেলার শহীদ জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতারা। এ সময় তিনি রেজাউলের তিন বছরের ছেলেসন্তানকে কোলে নিয়ে অঝোরে কাঁদেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডা. শফিকুর রহমান শ্রীবরদীতে শহীদ রেজাউল করিমের বাড়িতে পৌঁছান। এর আগে সকাল ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট হেলিকপ্টারে শেরপুরে আসেন।
রেজাউলের বাড়িতে পৌঁছার পর জামায়াত আমির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। ধৈর্য ধারণের পরামর্শও দেন। এরপর তিনি শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন। সেখানে মহান আল্লাহর দরবারে শহীদ রেজাউলের রুহের মাগফিরাত ও শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গ্রামবাসী।