নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত মাদ্রাসায়ে নুরে মদীনা-তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (রাত ৯টা) দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। এতে মাদ্রাসার ১০টি কক্ষসহ আসবাবপত্র, বইপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত ৯টার দিকে মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। তবে শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জানান, আগুনে লাইব্রেরি, কিতাব, আসবাবপত্র, ফ্যানসহ গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।