রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত ২১ বছর বয়সী তরুণ সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কাফরুল থানাকে অবহিত করা হয়েছে।
গত ১০ জুন রাতে শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় রাফিকে লক্ষ্য করে ইট মারা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মাথায় অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছিল।
এই হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে প্রধান আসামি কালু ও পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত সাজিদ চৌধুরী রাফি কাফরুলের ইব্রাহিমপুর এলাকার স্থায়ী বাসিন্দা শামসুল চৌধুরী শান্ত ও তানিয়া চৌধুরীর একমাত্র সন্তান ছিলেন। তার বাবা বর্তমানে মানসিক অসুস্থতায় ভুগছেন এবং মা প্রবাসী।
রাফির মা তানিয়া সিকদার জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে ইট মেরে হত্যা করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটনে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।