Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / হত্যা মামলায় ঝালকাঠি যুবলীগের আহ্বায়ক জাকিরসহ ৪ জন গ্রেপ্তার - Chief TV

হত্যা মামলায় ঝালকাঠি যুবলীগের আহ্বায়ক জাকিরসহ ৪ জন গ্রেপ্তার - Chief TV

2026-06-19  ডেস্ক রিপোর্ট  20 views
হত্যা মামলায় ঝালকাঠি যুবলীগের আহ্বায়ক জাকিরসহ ৪ জন গ্রেপ্তার - Chief TV

ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন জেলা যুবলীগ নেতা মো. মেহেদী হাসান মুন্না, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আহসান হাবিব রুবেল এবং জেলা যুবলীগের সদস্য শাহজাদা মহসিন পরাগ।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সুজন হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. শাহজাহান আলী নামে এক যুবকের নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তে গ্রেপ্তার চারজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে।

এদিকে, গ্রেপ্তার হওয়া রেজাউল করিম জাকির ও শাহজাদা মহসিন পরাগের বিরুদ্ধে ঝালকাঠি থানায়ও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


Share: