শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৫০৫১০৪০০৪।
গত বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শহরের গৃদ্দানারায়ণপুর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষে সকাল ৮টার দিকে বাসায় ফেরেন শাহিনুল ইসলাম। বেলা ১১টার দিকে স্ত্রী মাকসুদা সন্তানসহ বাবার বাড়ি জামালপুর জেলার নান্দিনায় বেড়াতে যান। দুপুর ২টার দিকে স্ত্রী ফোন করলে তিনি সাড়া দেননি। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় রাত ১১টার দিকে স্ত্রী ও তার ভাই জামালপুর থেকে শেরপুরে ফিরে আসেন।
বাসায় প্রবেশের চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে দরজা খুলে শাহিনুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পরিবারের দাবি, শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই এ ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।