জামালপুর শহর ও সদর উপজেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছেন ত্যাগী ও পদবঞ্চিত ছাত্রনেতারা।
আজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে জামালপুর শহরের সরকারি ফিশারি সংলগ্ন রেল কোচিং এলাকায় রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ পদবঞ্চিত ত্যাগী ছাত্রজনতা।
উক্ত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন মো. হাদিউল ইসলাম রাব্বি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল। সভাপতিত্ব করেন মো. সৈকত সালমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শহর ছাত্রদল।
এ সময় বক্তব্য দেন মো. পপেল মাহমুদ, সাবেক সহ-দপ্তর সম্পাদক, জেলা ছাত্রদল; নাজমুস সাকিব তন্ময়, সাবেক সহ-সাধারণ সম্পাদক, শহর শাখা; মো. আহম্মদ বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড পৌর শাখা; এবং মো. সামিদুল ইসলাম, ৩ নম্বর লক্ষ্মীরচর ইউনিয়ন শাখা।
বক্তারা অবিলম্বে নবঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ছাত্রনেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার আহ্বান জানান। তারা বলেন, যদি ত্যাগীদের দিয়ে নতুন কমিটি গঠন না করা হয়, তবে জামালপুরের রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
অবরোধ চলাকালে জেলা, শহর, ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের পদবঞ্চিত ত্যাগী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জের আশ্বাসে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।