Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি - Chief TV

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি - Chief TV

2025-10-18  ডেস্ক রিপোর্ট  143 views
শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি - Chief TV

টানা আট দিন ধরে চলমান আন্দোলনের পর অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের বর্তমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি কার্যকর করতে হবে কিছু শর্তসাপেক্ষে—

শর্তাবলি:

  1. বাড়িভাড়া ভাতা ভবিষ্যতে জাতীয় বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করতে হবে।

  2. ভাতা প্রদানের ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল ও ডিপ্লোমা) সংক্রান্ত বিদ্যমান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করতে হবে।

  3. এই ভাতা বৃদ্ধির ফলে কোনো বকেয়া পাওনা প্রযোজ্য হবে না।

  4. অর্থ ব্যয়ের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে।

  5. ভাতা সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে, বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

  6. প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, এ সংক্রান্ত জিও (G.O) জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের এই ঘোষণার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের এক দফা দাবি পূরণ হলো। যদিও শিক্ষক সংগঠনগুলো আগেই জানিয়েছিল, ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


Share: