জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে সমাধান না হলে রাজপথেই তার ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানান, জনগণের দাবি ও গণভোটের রায়ের সঙ্গে কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করা হবে না।
সংবিধান সংশোধনে সরকারি দলের প্রস্তাবিত কমিটিতে বিরোধী দল কোনো প্রতিনিধি দেবে না উল্লেখ করে তিনি বলেন, ৭০ ভাগ মানুষের ভোটে হওয়া রেফারেন্ডামের রায়কে তারা সংসদে এসে বদলে দিতে চান না; তাই সংশোধন নয়, কেবল সংবিধান সংস্কারের জন্য কমিটি করা হলে তারা তা বিবেচনা করবেন।
অতীত সংস্কৃতির বাইরে গিয়ে বগলদাবা কিংবা উগ্র নয়, বরং দেশের স্বার্থে একটি যৌক্তিক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় সংসদ অধিবেশন পরিচালনায় বিপুল খরচের কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকারকে ব্যক্তিগত চরিত্রহনন ও অহেতুক প্রশংসা বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া ব্যাংক খাতের ভঙ্গুর দশা, প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠন এবং সীমান্তে পুশ-ইন ইস্যুতে সংসদের ভেতরে ও বাইরে জনগণের পক্ষে তাদের অনড় অবস্থানের কথা তুলে ধরেন ডা. শফিকুর রহমান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, হুইপ রফিকুল ইসলাম খান এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।