Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন, প্রথমে ইউপি - Chief TV

সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন, প্রথমে ইউপি - Chief TV

2026-06-16  ডেস্ক রিপোর্ট  25 views
সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন, প্রথমে ইউপি  - Chief TV
চলতি বছরের বর্ষা মৌসুমের পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
 
মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
 
তিনি উল্লেখ করেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।

সংসদের একই অধিবেশনে সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সব উপজেলায় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে প্রতিটি উপজেলাকে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
 
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার হলেও ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার; তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে এবং নিজস্ব ল্যাবরেটরিতে প্রতিদিন ৪০-৫০টি নমুনা পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করেই তা সরবরাহ করা হচ্ছে।
 
এছাড়া সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে ছোট ছোট কাভার্ড ভ্যানে পরিবেশসম্মতভাবে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।
 
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজীকরণ ও জনভোগান্তি দূরীকরণের লক্ষ্যে অনলাইন পেমেন্ট ও ব্লক চেইন প্রযুক্তি সম্বলিত 'সফটওয়্যার ভার্শন ২' তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা যেকোনো তথ্য পরিবর্তন বা লগ ট্র্যাকিং আরও সহজ করবে।

Share: