২০১৮ সালের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে বগুড়ায় নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র " মুখোশ মুখো"। আর এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বগুড়ার তরুণ অভিনেতা বিভান বাদলসহ এক ঝাঁক অভিনয়শিল্পী । গত ৫ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছিলো।সম্প্রতি চলচ্চিত্রটির সম্পাদনার কাজ শেষ হয়েছে। আগামী ২৩ তারিখে সন্ধ্যা ৬টায় চলচ্চিত্রটির কারিগরি প্রদর্শনী হবে মধুবন সিনেপ্লেক্সে।
নির্মাতা সুপিন বর্মন সূত্রে জানা যায় মুখোশ মুখো চলচ্চিত্রটি মূলত পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন যা ২০১৮ সালে বিচার বহির্ভূত একটি হত্যাকান্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়ানক সত্য ঘটনা উঠে এসেছে মুখোশ মুখো চলচ্চিত্রে। তিনি জানান, বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর আগে টেকনিক্যাল বিষয়গুলো ঠিকঠাক পর্যবেক্ষণ করা এবং সাধারণ দর্শকের সমালোচনা শোনার জন্য মূলত এই আয়োজন। এতে করে চলচ্চিত্রের বিভিন্ন দূর্বল পয়েন্টগুলো চিহ্নিত করা যায় এবং সাধারণ দর্শকের সাথে একটি মেলবন্ধন তৈরি হয়, দর্শক কি চায়, তাদের ভাবনাগুলো কেমন, এ বিষয়গুলো একজন নির্মাতার জন্য আগামিতে চলচ্চিত্র নির্মাণে দারুণ ভূমিকা রাখে।
চলচ্চিত্রের মূল ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন বগুড়ার অভিনেতা বিভান বাদল। ইতোমধ্যে সে বিভিন্ন মাধ্যমে কাজ করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছে। আগামিতে "পালোয়ান" নামে একটি ওয়েব ফিল্মের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনা ও বর্মন ফিল্মের প্রযোজনায় নির্মিত মুখোশ মুখো চলচ্চিত্রের বিশেষ দিক হলো যে, চলচ্চিত্রটি সম্পূর্ণ বগুড়ায় নির্মিত। সকল কলাকুশলী বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন, অরুপ রতন, ফয়সাল, রথি, রবি, সাজিদ, অভি, সবুজ, স্বাধীন প্রমুখ। চিত্রগ্রহনে আশরাফুল ইসলাম, সম্পাদনায় অংকন সরকার, সঙ্গীতায়োজনে হিমেল। বিশেষ সহযোগিতায় ইন্টারনাল বাংলাদেশ এবং ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে বঙ্গ। মধুবন সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি সম্পূর্ণ ফ্রি দেখার সুযোগ করে দিয়েছেন মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার ইউনূস রুবেল। এজন্য বর্মন ফিল্ম তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।