আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটকে সামনে রেখে ভোরবেলায় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করেই কেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ কেন্দ্রের সামনেই আদায় করতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাত প্রায় ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি। সিলেট থেকে শুরু হওয়া প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের সুরক্ষায় কৃষি বিমা ব্যবস্থা চালু করা হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে আবারও নানা ষড়যন্ত্র শুরু হয়েছে এবং বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির আশঙ্কার কথা উল্লেখ করেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে মানুষের ভোটাধিকার হরণ করা হলেও ২০২৪ সালে রিকশাচালক থেকে শুরু করে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ রাজপথে নেমে দেশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জনকে একত্র করে নতুন বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি।
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের শেষ সময় পর্যন্ত মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে দিবাগত রাত পৌনে ৪টার দিকে তারেক রহমানের গাড়িবহর সমাবেশস্থলে পৌঁছায় এবং রাত ৪টা ১১ মিনিটে তিনি স্থান ত্যাগ করেন।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে গভীর রাত থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ সমর্থকদের সমাবেশস্থলে অপেক্ষা করতে দেখা যায়। ধানের শীষের প্রতীক নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে সমর্থকেরা উপস্থিত হন। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমান দেশের উন্নয়নে নেতৃত্ব দেবেন।