Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / গাছ নিয়ে বিরোধে জেঠাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাইয়ের মৃত্যু - chief tv

গাছ নিয়ে বিরোধে জেঠাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাইয়ের মৃত্যু - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  31 views
গাছ নিয়ে বিরোধে জেঠাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাইয়ের মৃত্যু - chief tv

চট্টগ্রামের রাউজানে গাছ নিয়ে পারিবারিক বিরোধের জেরে জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল মান্নান সওদাগর (৩৭)। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল মান্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার পূর্ব টিলার সোলাইমান মেম্বারের বাড়ির মো. কবির আহম্মদের ছেলে। অভিযুক্ত শাহজাহান তার আপন চাচাতো ভাই এবং সালেহ আহম্মদের ছেলে বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার একটি গাছকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে জানিপাথর বাজার এলাকায় প্রকাশ্যে অভিযুক্ত শাহজাহান গাছ দিয়ে মান্নানের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে মাথায় অস্ত্রোপচারের পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার বিষয়ে পুলিশ কাজ শুরু করেছে এবং এখনো কোনো মামলা হয়নি। বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share: