Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, রংপুরে গ্রেপ্তার সিকিউরিটি গার্ড - chief tv

এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, রংপুরে গ্রেপ্তার সিকিউরিটি গার্ড - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  39 views
এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, রংপুরে গ্রেপ্তার সিকিউরিটি গার্ড - chief tv

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড আইয়ুব আলী (৫৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪ লাখ ৮৪ হাজার টাকা। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ জুন দুপুরে ব্যাংক কর্মকর্তারা খাবারের বিরতিতে গেলে বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় ১ হাজার টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন। এরপর তিনি ড্রয়ার থেকে টাকা নিয়ে একটি ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে চলে যান।

এ ঘটনায় মামলা দায়েরের পর টাকা উদ্ধারে মাঠে নামে পুলিশ। প্রথমে কক্সবাজারে তার গ্রামের বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় রংপুরে। সেখানেই শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে চুরি করা অর্থের কিছু অংশ সে বিভিন্নভাবে খরচ করে ফেলেছে।


Share: