Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / পূর্বশত্রুতার জেরে পলাশ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড - chief tv

পূর্বশত্রুতার জেরে পলাশ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  23 views
পূর্বশত্রুতার জেরে পলাশ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড - chief tv

চট্টগ্রামের বাকলিয়ায় মো. পলাশ হত্যা মামলায় মাহমুদুল হাসান সোহেল ও আইয়ুব আলী বাবুল নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মো. পলাশকে হত্যার অভিযোগ প্রমাণিত বলে রায় দেন। আদালত জানান, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ২০০৯ সালের ২৭ আগস্ট নগরের বাকলিয়া থানার ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় পলাশকে হত্যা করা হয়।

পরদিন নিহতের ভাই মো. সম্রাট বাকলিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০১২ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। মামলাটি প্রথমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও পরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে স্থানান্তর করা হয়।


Share: