Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প - Chief TV

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প - Chief TV

2026-01-22  ডেস্ক রিপোর্ট  176 views
গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প - Chief TV

গ্রিনল্যান্ড ইস্যু ঘিরে ইউরোপীয় কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের যে পরিকল্পনা নিয়েছিল যুক্তরাষ্ট্র, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে একটি সমঝোতাভিত্তিক কাঠামো তৈরির বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। সে কারণেই ফেব্রুয়ারির শুরু থেকে কার্যকর হওয়ার কথা থাকা শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই অবস্থান স্পষ্ট করেন।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড নিয়ে তার পরিকল্পনার বিরোধিতা করলে ইউরোপের আটটি মিত্র দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে বুধবার সন্ধ্যায় দেওয়া এক ঘোষণায় তিনি জানান, এই শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করা হয়েছে এবং সাম্প্রতিক সব শুল্কসংক্রান্ত সতর্কবার্তা বাতিল করা হয়েছে।

একই সঙ্গে গ্রিনল্যান্ড বিষয়ে ভবিষ্যৎ চুক্তির একটি সম্ভাব্য কাঠামোর কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং সেখান থেকেই এই অগ্রগতির পথ তৈরি হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তাৎক্ষণিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, যা ইউরোপীয় মিত্রদের মধ্যেও কিছুটা স্বস্তি এনে দেয়।

ট্রাম্পের ভাষায়, প্রস্তাবিত সমঝোতা এমনভাবে সাজানো হবে, যাতে সংশ্লিষ্ট সব পক্ষই উপকৃত হয়। নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদে অংশগ্রহণকারী দেশগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করবে বলেও তিনি উল্লেখ করেন।


Share: