ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে লেবাননের সাংবাদিক আমাল খলিল (৪৩) নিহত হয়েছেন। তিনি লেবাননের দৈনিক আল-আখবার এর প্রতিবেদক ছিলেন।
ডয়েচে ভ্যালের প্রতিবেদন থেকে জানা যায়, সংঘাতের খবর সংগ্রহের এক পর্যায়ে তিনি দক্ষিণ লেবাননের আল-তিরি গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। ওই এলাকায় ইসরাইলি বাহিনী বিমান হামলা চালালে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কয়েক ঘণ্টা পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথম দফার হামলায় দুইজন নিহত হন। পরে একই এলাকায় আবারও হামলা চালানো হয়। ওই সময় আমাল খলিল ও তার সহকর্মী জেইনাব ফারাজ যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেটিও হামলার শিকার হয়।
উদ্ধারকর্মীরা গুরুতর আহত ফারাজকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রথম হামলায় নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ইসরাইলি বাহিনী উদ্ধারকাজ চলাকালে গুলি চালায়, ফলে তাৎক্ষণিকভাবে আমাল খলিলের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। প্রায় ছয় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দা আমাল খলিল ২০০৬ সাল থেকে আল-আখবার পত্রিকার হয়ে স্থানীয় সংবাদ সংগ্রহ করে আসছিলেন। তার সর্বশেষ প্রতিবেদনে লেবাননের বিভিন্ন গ্রামে ইসরাইলি সেনাবাহিনীর উপস্থিতি এবং স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ধ্বংসের বিষয়টি তুলে ধরা হয়েছিল।
আমাল খলিলের মৃত্যুর মধ্য দিয়ে ২০২৬ সালে লেবাননে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়াল নয় জনে।