বাংলাদেশের নন্দিত অভিনেত্রী ও নির্মাতা রোজিনার আজ জন্মদিন। চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই গুণী শিল্পী বরাবরই ব্যক্তিগত আয়োজনে খুব বেশি আগ্রহী নন। জন্মদিন নিয়েও তার ভাবনা বেশ সরল।
রোজিনা জানান, সাধারণত তিনি জন্মদিন পালন করেন না। তবে এবারের বৈশাখে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকায় জন্মদিনকে ঘিরে একটু ভিন্ন ভাবনা এসেছে তার। বৈশাখের আমেজ আর নিজের বিশেষ দিন—দুটো মিলিয়ে ছোট পরিসরে একটি ঘরোয়া আয়োজনের পরিকল্পনা করেছেন তিনি।
এই আয়োজন সম্পর্কে রোজিনা বলেন, “আমি সাধারণত জন্মদিন পালন করি না। তবে এবার বৈশাখে কোনো আয়োজন হয়নি, তাই ভাবলাম জন্মদিনটা ছোট করে উদযাপন করা যায়। পরিবারের সদস্য, কাছের কিছু বন্ধু আর যেসব উদ্যোক্তাদের বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়—তাদের নিয়েই ছোট্ট করে সময় কাটাবো।”

দিনটি তিনি পরিবারের সঙ্গেই শুরু করেছেন। ব্যস্ততার ফাঁকে বিকেল বা সন্ধ্যার পর সবাইকে নিয়ে এই ঘরোয়া আয়োজনে সময় কাটানোর ইচ্ছা তার। জাঁকজমক নয়, বরং কাছের মানুষদের সান্নিধ্যেই নিজের জন্মদিনটিকে অর্থবহ করে তুলতে চান রোজিনা।
এদিকে কাজের ক্ষেত্রেও থেমে নেই তিনি। খুব শিগগিরই ‘এখনই সময়’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন রোজিনা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই এর কাজ শুরু হতে পারে।