Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / মাদুরোকে বন্দি করার প্রতিক্রিয়ায় যা বলছে চীন ও রাশিয়া - Chief TV

মাদুরোকে বন্দি করার প্রতিক্রিয়ায় যা বলছে চীন ও রাশিয়া - Chief TV

2026-01-04  ডেস্ক রিপোর্ট  120 views
মাদুরোকে বন্দি করার প্রতিক্রিয়ায় যা বলছে চীন ও রাশিয়া - Chief TV

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বেইজিং অবিলম্বে মাদুরো দম্পতির মুক্তির আহ্বান জানিয়েছে। রোববার (৪ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জোরপূর্বক আটক ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

চীনের পাশাপাশি রাশিয়াও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

রাশিয়া আরও বলেছে, বর্তমান সংকট সমাধানে সামরিক শক্তি নয়, বরং ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংলাপই একমাত্র গ্রহণযোগ্য পথ। একই সঙ্গে নিকোলাস মাদুরোকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে তার এবং তার স্ত্রীর দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস ধরে চলমান চাপ ও হুমকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।


Share: