Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / মেহেরপুর / মেহেরপুরে গমের নাড়া পোড়াতে গিয়ে ১০০ বিঘা গম পুড়ে ছাই - Chief TV

মেহেরপুরে গমের নাড়া পোড়াতে গিয়ে ১০০ বিঘা গম পুড়ে ছাই - Chief TV

2026-04-03  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  50 views
মেহেরপুরে গমের নাড়া পোড়াতে গিয়ে ১০০ বিঘা গম পুড়ে ছাই - Chief TV

মেহেরপুরের গাংনীতে গম কাটার পর নাড়া পোড়াতে গিয়ে আগুনে প্রায় ১০০ বিঘা জমির গম পুড়ে গেছে। এতে কৃষকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার হাড়িয়াদহ-শিমুলতলা মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাঠের কৃষকরা জানান, গম কাটার পর নাড়া পরিষ্কার করতে হাড়িয়াদহ গ্রামের কৃষক ওসমান আলী তার জমিতে আগুন দিয়েছিলেন। একপর্যায়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বাতাসের বেগ বেশি থাকায় মুহূর্তেই আগুন পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে যায়।

তারা আরও জানান, তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি। ঘরে তোলার আগ মুহূর্তে পুরো খেতের গম পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

ভুক্তভোগী কৃষক রহিদুল ইসলাম বলেন, ‘মাত্র ৬ কাঠা জমির নাড়া পোড়াতে গিয়ে ১০০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। দুয়েক দিনের মধ্যে গম কেটে ঘরে তোলা হতো, কিন্তু পুড়ে বড় ক্ষতি হয়ে গেছে আমাদের।’

আরেক ভুক্তভোগী কৃষক লালন হোসেন বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই গম ঘরে তুলতাম। এখন সব শেষ। এতবড় ক্ষতি পূরণ হওয়ার না।’

এ ঘটনার পর নাড়ায় আগুন জ্বালানো কৃষক ওসমান আলী তাৎক্ষণিক ওই মাঠ ত্যাগ করেন। মুঠোফোনে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘গম পুড়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।’


Share: