মোয়ানার সমুদ্রের ডাক আর অবহেলা করা সম্ভব হয়নি। তবে এবার তিনি আর অ্যানিমেশনের রঙিন দুনিয়ায় নয়, মানুষের চরিত্রে পর্দায় ফিরে আসছেন। প্রকাশ করা হয়েছে ‘মোয়ানা’ লাইভ-অ্যাকশন সিনেমার প্রথম টিজার ট্রেলার, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া।
টিজারে দেখা যায় পরিচিত নস্টালজিয়া, যেখানে মোটুনুই দ্বীপ পেরিয়ে এক সাহসী তরুণী সমুদ্রের আহ্বানে সাড়া দেন। টিজারের শুরুতে দর্শকদের মনে পড়ে ২০১৬ সালের অ্যানিমেটেড ছবিটির সেই মুহূর্ত, যখন শিশু মোয়ানা প্রথমবার সমুদ্রের জাদুকরী স্পর্শ অনুভব করে।
টিজারের বড় আকর্ষণ ছিল বিশাল এক বাজপাখি, যা মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে ডেমিগড বা উপদেবতা ‘মাউই’-তে পরিণত হয়। এই চরিত্রে অভিনয় করেছেন হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন।
শেষ দৃশ্যে দেখা যায় ক্যাথরিনকে ভেলায় চড়ে সমুদ্র পার হচ্ছেন, যেখানে তিনি আইকনিক সংলাপ ‘আই অ্যাম মোয়ানা’ গাইছেন। সিনেমার পরিচালক এমি ও টনি অ্যাওয়ার্ড বিজয়ী থমাস কাইল। প্রযোজনায় আছেন ডোয়াইন জনসন, বিউ ফ্লিন, লিন-ম্যানুয়েল মিরান্ডা ও ড্যানি গার্সিয়ার। মূল অ্যানিমেটেড সিনেমার কণ্ঠশিল্পী আউলি ক্রাভালহো এবার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন।
ক্যাথরিন ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন মোয়ানার বাবা ‘চিফ তুই’ চরিত্রে জন তুই, মা ‘সিনা’ চরিত্রে ফ্র্যাঙ্কি অ্যাডামস এবং দাদী ‘তালা’ চরিত্রে রেনা ওয়েন।
উল্লেখ্য, ২০২৩ সালে হাওয়াই থেকে ডোয়াইন জনসন তার মেয়েদের সঙ্গে একটি ভিডিও বার্তার মাধ্যমে লাইভ-অ্যাকশন রিমেকের ঘোষণা দেন। সিনেমার লক্ষ্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। সিনেমাটি সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে।