Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / মুক্তার হোসেন হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে - Chief TV

মুক্তার হোসেন হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  37 views
মুক্তার হোসেন হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে - Chief TV

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আবারও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণে মামলার ঘটনার সঙ্গে মমতাজ বেগমের সম্পৃক্ততার বিষয়টি পর্যালোচনায় রয়েছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে আদালতে জানানো হয়। একই সঙ্গে পরবর্তী সময়ে প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন মুক্তার হোসেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনি আহত হন। পরে চিকিৎসা গ্রহণের পর এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

এর আগে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলাটির তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Share: