জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এশিয়ান টিভির জনপ্রিয় সংবাদ পাঠিকা মারিয়াম ইকো। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে গোপনেই সম্পন্ন হয়েছে তার বাগদান।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ জুন চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মারিয়াম ইকোর হবু বর পেশায় একজন প্রকৌশলী। দীর্ঘদিনের পারিবারিক পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তাদের সম্পর্ক এগিয়ে যায়। পরে দুই পরিবারের সম্মতিতে বাগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যক্তিগত বিষয়টি জনসমক্ষে আনতে না চাওয়ায় এতদিন বাগদানের খবর গোপন রাখা হয়েছিল। তবে সম্প্রতি ঘনিষ্ঠ মহলে বিষয়টি জানাজানি হলে শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
টেলিভিশনের পর্দায় সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ মারিয়াম ইকো। পেশাগত ব্যস্ততার পাশাপাশি এবার ব্যক্তিগত জীবনেও নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন তিনি।
নতুন জীবনের জন্য মারিয়াম ইকো ও তার হবু জীবনসঙ্গীর প্রতি রইল আন্তরিক শুভকামনা।