“পাটওয়ারীর অঙ্গীকার—ঢাকা–০৮ হবে জনতার।
তোমার–আমার সুরক্ষায়, ৮ দফা ইশতেহার।”
ঢাকা–০৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, যুবনেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন।
১) শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার
নাসীরুদ্দীন পাটওয়ারী অঙ্গীকার করেন—শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সংসদে জোরালো দাবি তুলবেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এটিই থাকবে তার প্রধান অগ্রাধিকার।
২) চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা–০৮
চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। মাদকবিরোধী ক্যাম্পেইন, পুনর্বাসন কর্মসূচি, সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন এবং নারী–শিশুর বিরুদ্ধে সহিংসতায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। অবৈধ দখল উচ্ছেদ ও প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
৩) সর্বজনীন স্বাস্থ্যসেবা
সরকারি হাসপাতাল ও ক্লিনিককে দালালমুক্ত করা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, দক্ষ চিকিৎসক–নার্স নিয়োগ, পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি, মানসিক স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের বিশেষ সেবার কথাও ইশতেহারে রয়েছে।
৪) বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাভিত্তিক শিক্ষা, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, র্যাগিং ও সহিংসতা বিলোপ, আধুনিক কম্পিউটার ল্যাব ও এআই প্রশিক্ষণ চালু এবং মাঠ–পার্ক উদ্ধার করে নিরাপদ খেলাধুলার পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।
৫) কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহায়তা, স্টার্টআপ ফান্ড, আহতদের পুনর্বাসন, পল্টনে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিল প্রশিক্ষণ এবং নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তার ঘোষণা দেওয়া হয়।
৬) নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা–০৮
বিদ্যুৎ–গ্যাস–পানি সংকট নিরসন, যানজট কমাতে পৃথক সময়সূচি, দুর্যোগ প্রস্তুতি, জন্মনিবন্ধন–এনআইডি–পাসপোর্টসহ নাগরিক সেবা সহজীকরণ, হকার পুনর্বাসন ও বাজার মনিটরিং জোরদারের কথা বলেন তিনি।
৭) আগামী প্রজন্মের জন্য ঢাকা–০৮
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বিল্ডিং কোড বাস্তবায়ন এবং তরুণদের সম্পৃক্ত করে পরিবেশবান্ধব ঢাকা গড়ার পরিকল্পনা তুলে ধরা হয়।
৮) জনতার এমপি, জনতার সেবক
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি এলিট গোষ্ঠীর রাজনীতি নয়—সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চান। নির্বাচিত হলে হটলাইন ও ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র চালুর মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করবেন।
অনুলিখন: অথই নূরুল আমিন
কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক