Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা- Chief TV

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা- Chief TV

2025-11-05  বিনোদন ডেস্ক  295 views
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা- Chief TV

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-র বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ‘অ্যাপোনিয়া (Aponia)’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন ও মূল্য পরিশোধ না করে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তিশা।

এই ঘটনায় প্রতারণার অভিযোগ তোলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। বিষয়টি প্রকাশ্যে এলে তানজিন তিশা তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দাবি করেন, ওই শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তবে, এই দাবি মেনে নেননি অ্যাপোনিয়া কর্তৃপক্ষ।

এরপর অ্যাপোনিয়া অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার তানজিন তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। নোটিশে তিশাকে এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ এবং নারী উদ্যোক্তা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসার ঠিকানায় ডাকযোগে ও তার হোয়াটসঅ্যাপে ওই আইনি নোটিশ পাঠানো হয় বলে অ্যাপোনিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করে। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তিশা।

অবশেষে, বুধবার (৫ নভেম্বর) তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগে মামলা করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে দায়ের করা হয়, যার সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫।

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হয়েছে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই মামলার বিষয়ে এখনও পর্যন্ত তানজিন তিশার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 


Share: