Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / অ্যাভাটার থ্রি দেখে টাকা ফেরত চাইছে দর্শকেরা - Chief TV

অ্যাভাটার থ্রি দেখে টাকা ফেরত চাইছে দর্শকেরা - Chief TV

2025-12-21  ডেস্ক রিপোর্ট  169 views
অ্যাভাটার থ্রি দেখে টাকা ফেরত চাইছে দর্শকেরা - Chief TV

শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। কিন্তু সিনেমাটি বহুল প্রত্যাশিত হলেও তা রীতিমতো হতাশ করেছে দর্শকদের।

ভিজ্যুয়াল ইফেক্টসের প্রশংসা থাকলেও লং ডিউরেশন, সংলাপ ও অগোছালো প্লটের কারণে বিরক্তি প্রকাশ করেছে দর্শকেরা। সামাজিক মাধ্যমে অনেক দর্শকই ‘টাইম ওয়েস্ট’ হিসেবে উল্লেখ করেন এমনকি টিকিটের টাকাও ফেরত চান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট (১৯৭ মিনিট), যা এই সিরিজের আগের দুটি সিনেমার চেয়েও বেশি। সমালোচকদের মতে, এই দীর্ঘ সময়ে শুধু ‘স্ক্রিনসেভার গ্রাফিক্স’ ছাড়া নতুন কিছু ছিল না। দর্শকদের অভিযোগ, পর্দার চাকচিক্য থাকলেও সিনেমার মূল প্রাণ অর্থাৎ গল্পের গভীরতা এবার একেবারেই অনুপস্থিত। দীর্ঘ সময় ধরে একই ধরনের দৃশ্য চলায় বিরক্তি প্রকাশ করে অনেক দর্শক সিনেমাটি মাঝপথে রেখে প্রেক্ষাগৃহ ছেড়েছেন।
গল্প ও চরিত্রের দুর্বলতা নিয়েও অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেমস ক্যামেরন এবার সিরিজের মূল চরিত্র জেক সালি এবং নেইতিরিকে সরিয়ে তাদের সন্তানদের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তবে এই নতুন চরিত্রগুলো দর্শকদের সেভাবে আকর্ষণ করতে পারেনি। বরং তাদের আচরণ ও সংলাপকে ‘বিরক্তিকর’ মনে হয়েছে। 
সমালোচকদের মতে, প্রথম পর্বে যে টানটান উত্তেজনা ছিল, তৃতীয় পর্বে এসে তা হারিয়ে গেছে। অনেক ক্ষেত্রে সিনেমাটিকে বড় বাজেটের কোনো সোপ অপেরা বলে মনে হয়েছে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’ এবং পরবর্তীতে এর দ্বিতীয় কিস্তি বিশ্বজুড়ে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল। তবে তৃতীয় পর্বের এই নেতিবাচক সমালোচনা ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক বক্স অফিসে এর প্রভাব কেমন হবে, তা এখন দেখার বিষয়।


Share: