Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / শাহজাহানপুরে ভাড়া বাসায় মিলল বস্তাবন্দি মরদেহ, কথিত স্বামী পলাতক- Chief TV

শাহজাহানপুরে ভাড়া বাসায় মিলল বস্তাবন্দি মরদেহ, কথিত স্বামী পলাতক- Chief TV

2025-11-04  ডেস্ক রিপোর্ট  110 views
শাহজাহানপুরে ভাড়া বাসায় মিলল বস্তাবন্দি মরদেহ, কথিত স্বামী পলাতক- Chief TV

রাজধানীর শাহজাহানপুরের একটি ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুরভী পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন। এ ঘটনার পর থেকে তার কথিত স্বামী আজিজুর রহমান পলাতক রয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে শাহজাহানপুরের বকশীবাগ এলাকার ৪৩৯/এ নম্বর দ্বিতীয়তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মধ্যরাতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

নিহত সুরভী আক্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের নুরুল হক খানের মেয়ে। তিনি স্বামী পরিচয়ে আজিজুর রহমান নামে এক ব্যক্তির সঙ্গে শাহজাহানপুর বকশিবাগ এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার বলেন,

“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান,

“স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, চলতি মাসের ১ নভেম্বর স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসাটি ভাড়া নেন। আশেপাশের লোকজন জানিয়েছেন, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর থেকেই কথিত স্বামী আজিজুর রহমান পলাতক।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: