Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / সাকিব-মাশরাফিকে ক্যাপ্টেনস কার্ড বুঝে নিতে আহ্বান জানালেন তামিম - Chief TV

সাকিব-মাশরাফিকে ক্যাপ্টেনস কার্ড বুঝে নিতে আহ্বান জানালেন তামিম - Chief TV

2026-04-17  ডেস্ক রিপোর্ট  28 views
সাকিব-মাশরাফিকে ক্যাপ্টেনস কার্ড বুঝে নিতে আহ্বান জানালেন তামিম - Chief TV

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠানের’ উদ্বোধন করেন তামিম ইকবাল।

এই অনুষ্ঠানে সাবেক অধিনায়কদের হাতে ক্যাপ্টেনস কার্ড তুলে দিয়েছেন তামিম। তার সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের কাণ্ডারিরা একই ছাদের নিচে সমবেত হয়েছিলেন।

দেশের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক। প্রত্যেক অধিনায়ককে তামিম নিজে ফোন করে নিমন্ত্রণ জানান।

এই তালিকায় সাকিব আল হাসান যেমন ছিলেন, তেমনি ছিলেন মাশরাফি বিন মর্তুজাও।

সাকিব-মাশরাফির মতোই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, এমনকি সদ্য সাবেক বিসিবি সভাপতি অমিনুল ইসলাম বুলবুলও ছিলেন।

সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। একাধিক অভিযোগে দেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাশরাফিও দীর্ঘ দিন ধরে আড়ালে। তবে তামিম তাদের ক্যাপ্টেনস কার্ড বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পরিস্থিতির কারণে সাকিব ও মাশরাফি ভাই এখানে নেই। তবে আমি এই বক্তব্যের মাধ্যমে তাদের একটা জিনিস জানাতে চাই, আপনাদের কার্ড প্রস্তুত আছে। যখনই আপনারা (বোর্ড কার্যালয়ে) আসতে পারবেন বা দেশে ফিরতে পারবেন, দয়া করে আপনারা এটা গ্রহণ করবেন। দেশের ক্রিকেটের জন্য আপনাদের অবদান অনস্বীকার্য।’

মূলত দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় এনেছে বিসিবি। এর মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চায় বোর্ড।

শুধু তাই নয়, ৫০ বছরের বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা হেলথ কার্ড চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে, যা তাদের চিকিৎসা সহায়তায় কাজে লাগবে।


Share: