থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় যৌন সেবার পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে এক ভারতীয় পর্যটককে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৫২ বছর বয়সী ভারতীয় নাগরিক রাজ জাসুজার কাছে তিনজন ট্রান্সজেন্ডার নারী টাকা দাবি করছেন। অভিযোগ অনুযায়ী, যৌন সেবা নেওয়ার পর তিনি নির্ধারিত অর্থ পরিশোধ না করেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পথচারীদের সহায়তায় তাকে গাড়ি থেকে টেনে নামানো হয় এবং উদ্ধারকারী দল পৌঁছানোর আগ পর্যন্ত তাকে লাথি ও ঘুষি মারা হয়।
থাইগার নামের একটি সংবাদমাধ্যম জানায়, উদ্ধারকারীরা রাজ জাসুজাকে মুখ ও মাথার পেছনে আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাতামাকুন হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী, ১৯ বছর বয়সী এক থাই তরুণ, উদ্ধারকর্মীদের জানান—তিনি রাজ জাসুজাকে ‘ওয়াকিং স্ট্রিট’ এলাকার প্রবেশমুখে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে তর্কে জড়াতে দেখেন। তার ভাষ্যমতে, কথাকাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পরে ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। আরও কয়েকজন যুক্ত হলে পরিস্থিতি দলবদ্ধ হামলায় রূপ নেয়। প্রত্যক্ষদর্শীর দাবি, নির্ধারিত পুরো টাকা পরিশোধ না করাই এই সংঘাতের মূল কারণ।
উল্লেখ্য, পর্যটন নগরী পাতায়ায় এর আগেও ভারতীয় পর্যটকদের সঙ্গে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। থাইগারের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অশালীন স্পর্শের অভিযোগে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মী এক ভারতীয় নাগরিককে আক্রমণ করেন। একইভাবে গত অক্টোবরে পাতায়ার একটি হোটেলে তিনজন থাই ট্রান্সজেন্ডার নারী দুই ভারতীয় পর্যটকের ওপর হামলা চালিয়ে প্রায় ২৪ হাজার বাত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯ হাজার টাকা) মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
থাই পুলিশ জানিয়েছে, রাজ জাসুজা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করতে বলা হবে। অভিযোগ পাওয়ার পর থাইল্যান্ডের আইন অনুযায়ী এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে।