সৌদি আরব বিদেশি নাগরিকদের জন্য স্থাবর সম্পত্তির মালিকানা সংক্রান্ত নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে। দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে বহুমুখী খাতে সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মঙ্গলবার (২৩ জুন) সৌদি মন্ত্রিসভা ‘বিদেশি নাগরিকদের স্থাবর সম্পত্তির মালিকানা আইন’-এর আওতায় নতুন বিধিমালার অনুমোদন দেয়। এতে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো কোন কোন এলাকায় সম্পত্তি ক্রয় করতে পারবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া গুরুত্বপূর্ণ আইনের ধারাবাহিকতায় নতুন এই বিধানগুলো প্রণয়ন করা হয়েছে। এর ফলে নির্ধারিত শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশিরা সৌদি আরবে জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তির মালিক হওয়ার সুযোগ পাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প খাতের সম্পত্তি ক্রয় করতে পারবে। একই সঙ্গে সৌদি আরবে বৈধভাবে পরিচালনার অনুমতি পাওয়া বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক প্রয়োজন মেটাতে অফিস, কারখানা, গুদামসহ বিভিন্ন ধরনের সম্পত্তির মালিক হতে পারবে।
সৌদি সরকারের এই পদক্ষেপ দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের ভূমিকা শক্তিশালী করা এবং রিয়েল এস্টেট খাতের বিকাশকে আরও গতিশীল করা।