সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ে বসতঘর উড়ে যাওয়া এতিম দুই কন্যা সন্তানের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান ওই দুই এতিম শিশুর বাড়িতে গিয়ে সহায়তা প্রদান করেছেন।
সোমবার (৮ জুন) বিকেলে তাড়াশ পৌর শহরের কোহিত পশ্চিমপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে এতিম দুই বোন মধু ও আস্থার পরিবারের খোঁজ নেন ইউএনও। এ সময় তিনি ঘর নির্মাণের জন্য টিন, নগদ অর্থ ও শুকনা খাবার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা সোহাগ, সুজন মাহমুদ, খালিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, কোহিত গ্রামের আসাদ আলী দুই বছর আগে মারা যান। এর দুই মাস আগে মারা যান তাদের মা। ফলে এতিম হয়ে পড়ে দুই কন্যা সন্তান মধু ও আস্থা খাতুন।
সম্প্রতি পবিত্র ঈদুল আজহার আগের দিন রাতে ঝড়ের কবলে পড়ে তাদের বসতঘর উড়ে যায়। এরপর থেকে চরম অভাব-অনটনের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল তারা।
এতিম দুই শিশুর দুরবস্থার খবর পেয়ে এর আগে বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম তাদের বাড়িতে ছুটে যান। তিনি খাদ্যসামগ্রী, নতুন পোশাক ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।